শুক্রবার, ২৪ Jul ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
মোঃআতেফ ভূঁইয়া,বার্তা সম্পাদক:
গাজীপুর মহানগরীর পূবাইল থানা পুলিশের অভিযানে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ রানী বেগম (৪৩) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার (১৭ জুলাই) রাতে পূবাইল থানার এসআই আনোয়ার হোসেন খান সঙ্গীয় ফোর্স নিয়ে নিয়মিত মোবাইল ও অভিযান ডিউটির অংশ হিসেবে তালটিয়া এলাকার হারেজ আলী স্কুলের পেছনের পাকা সড়কে অভিযান পরিচালনা করেন। এ সময় ইয়াবা বিক্রির উদ্দেশ্যে নিজের দখলে মাদক রাখার অভিযোগে নারী পুলিশের সহায়তায় রানী বেগমকে আটক করা হয়।
আটকের পর তার দেহ তল্লাশি করে ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে জব্দকৃত আলামতসহ তাকে পূবাইল থানায় নিয়ে আসা হয়।
গ্রেপ্তারকৃত রানী বেগমের বাড়ি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার শিমুলিয়া পূর্বপাড়া (সরকার বাড়ি) এলাকায়। বর্তমানে তিনি পূবাইল থানাধীন বসুগাঁও এলাকায় ভাড়ায় বসবাস করতেন।
এ ঘটনায় পূবাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। শনিবার তাকে গাজীপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
পূবাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে পূবাইল থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও আরও জোরদার করা হবে। কোনো মাদক কারবারিকে ছাড় দেওয়া হবে না। এলাকাকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ কার্যক্রম চলমান থাকবে।”
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত রানী বেগমের বিরুদ্ধে পূবাইল থানাসহ বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।