বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
রবিউল আলম স্টাফ রিপোর্টার:
গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪১ নং ওয়ার্ডের বসুগাঁও পূর্বপাড়া এলাকায় অবস্থিত “ইনডেক্স ফুড অ্যান্ড বেভারেজ” নামে একটি কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে পরিচালিত এ অভিযানে কারখানাটির বিভিন্ন অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটি বন্ধ করে সিলগালা করার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কারখানাটিতে উৎপাদিত কিছু এনার্জি ড্রিংস ও খাদ্যপণ্যের মান নিয়ে এলাকাবাসীর মধ্যে নানা অভিযোগ ছিল। এসব অভিযোগের ভিত্তিতে প্রশাসনের নজরদারি বাড়ানো হলে বুধবার ভ্রাম্যমাণ আদালতের একটি টিম কারখানাটিতে অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে দেখা যায়, কারখানায় উৎপাদিত কিছু এনার্জি ড্রিংসের বোতলে প্রয়োজনীয় লেভেল, উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তথ্য, ব্যাচ নম্বরসহ বাধ্যতামূলক বিভিন্ন তথ্য উল্লেখ করা হয়নি। এছাড়াও পণ্যের মোড়কে মান নিয়ন্ত্রণ সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা ও অনুমোদনের তথ্যেও অসঙ্গতি পাওয়া যায় বলে জানা গেছে।
এ সময় কারখানায় দায়িত্বরত কোনো কর্মকর্তা বা কর্মচারী উপস্থিত না থাকায় ভ্রাম্যমাণ আদালত বিষয়টিকে আরও সন্দেহজনক হিসেবে বিবেচনা করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে কারখানাটি সিলগালা করার নির্দেশ দেন এবং ভবিষ্যতে প্রয়োজনীয় তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
অভিযানে প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। অভিযান চলাকালে কারখানার ভেতরে থাকা বিভিন্ন পণ্য ও যন্ত্রপাতি পরিদর্শন করা হয় এবং কিছু নমুনাও সংগ্রহ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, অনুমোদনহীন বা নিম্নমানের খাদ্যপণ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। তাই নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করলে ভেজাল ও অনিয়ম অনেকাংশে কমে আসবে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নজরদারি অব্যাহত থাকবে এবং কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।